Friday, 23 October 2026
Aaj bangla

ঝুমুর শিল্পীদের গাড়ির ধাক্কা গাছে! মৃত এক, আহত ১২,

Jhumur artists

ফের পথদুর্ঘটনা পুরুলিয়ায়। পুজোর অনুষ্ঠান সেরে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছে ধাক্কা মারল ঝুমুর শিল্পীদের গাড়ি। বৃহস্পতিবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে আড়শা থানার লছমনপুর এলাকায়।

স্থানীয় সূত্রের খবর, দুর্ঘটনার জেরে দেবচরণ মাহাতো (৫০) নামে এক শিল্পীর মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি আড়শা থানার হেঁটজাড়ি গ্রামে। ঝুমুর গানের অনুষ্ঠানে তিনি নাগাড়া বাজাতেন। দুর্ঘটনার কবলে পড়ে আহত হয়েছেন অন্তত ১২ জন শিল্পী। একজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের উদ্ধার করে পুরুলিয়া মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গাড়িতে ছিলেন পুরুলিয়ার ঝুমুর শিল্পী ভোলানাথ মাহাতো ও তার দল।

হাসপাতালের বিছানায় শুয়ে ভোলানাথ বলেন, ‘‘অনুষ্ঠান সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ি। কমবেশি সবাই আহত হয়েছি এবং এক সহশিল্পীকে হারিয়েছি আমরা।’’ খবর পেয়ে আহতদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন কুড়মি সমাজের মুখ্য উপদেষ্টা অজিতপ্রসাদ মাহাতো।