এক বৃদ্ধাকে যৌন হেনস্থার অভিযোগে পুলিশ গ্রেফতার করল হুগলির উত্তরপাড়ার প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের পুত্রকে। অভিযোগ, বৃহস্পতিবার ভোরে গাড়ি নিয়ে মাখলা মাকালতলা এলাকায় ঘোরাঘুরি করছিলেন অভিযুক্ত। সেই সময় ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন এক বৃদ্ধা। অভিযোগ, ওই বৃদ্ধাকে ধাক্কা মারেন ওই তৃণমূল নেত্রীর পুত্র। এমনকি, ঘাড় ধরে বৃদ্ধার মুখ নিজের যৌনাঙ্গে ঢুকিয়ে দেওয়ার চেষ্টাও করেন বলে অভিযোগ। চিৎকার, চেঁচামেচি শুনে ছুটে আসেন স্থানীয়েরা। তাঁরাই অভিযুক্তকে ধরে ফেলেন।
পরে ওই বৃদ্ধা উত্তরপাড়া থানায় গিয়ে ওই যুবকের নামে অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। চন্দননগরের পুলিশ কমিশনারেটের এক আধিকারিক ঘটনা প্রসঙ্গে বলেন, ‘‘বৃদ্ধার সঙ্গে অশালীন আচরণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে। বৃদ্ধার স্বাস্থ্য পরীক্ষা করা হবে।’’ নির্যাতিতার অভিযোগ, মানিকতলায় টোটো ধরার জন্য রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি। ওই যুবক তখন তাঁকে রাস্তায় ফেলে দেয়। ঘাড় ধরে যৌন হেনস্থা করেন। ঘটনাকে কেন্দ্র করে শুরু রাজনৈতিক তরজা। স্থানীয় বিজেপি নেতা তাপস দেব বলেন, ‘‘অতীতেও ওই যুবকের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। রাজ্যে পালাবদলের পরই মানুষ এদের বিরুদ্ধে মুখ খুলছেন। অভিযুক্তের বাবার বিরুদ্ধেও এক মহিলাকে ভিডিয়ো কল করে কুপ্রস্তাব দেওয়া অভিযোগ রয়েছে।’’ যদিও এই ঘটনায় ওই তৃণমূল নেত্রীর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।





